রামের গ্যারেজে যুক্ত হলো ২ কোটির বিলাসবহুল গাড়ি
বি-টাউনের সবাই জানেন, বিলাসবহুল গাড়ি পছন্দ অভিনেতা রাম কাপুরের। বেশ কয়েকটি দামি গাড়ি রয়েছে তাঁর গ্যারেজে। এই যেমন পোরশে ৯১১ ক্যাব্রিয়লেট, মার্সিডিজ-এএমজি জি৬৩, বিএমডব্লিউ এক্স৫। এখানেই শেষ নয় আরও গাড়ির নাম অনুল্লেখ রয়েছে।
শুধু কি গাড়ি, হার্লি ডেভিডসনসহ বেশ বড়সড় দামি মোটরসাইকেলের সংগ্রহ রয়েছে রাম কাপুরের। সম্প্রতি এ অভিনেতা তাঁর গ্যারেজে আরেকটি বিলাসবহুল গাড়ি যুক্ত করেছেন। এবার কিনেছেন বিলাসবহুল স্পোর্টস কার পোরশে ৯১১ ক্যারেরা এস, যে গাড়ি ২০১৯ সালে ভারতের বাজারে যুক্ত হয়েছিল। এর দাম প্রায় ১.৮৪ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই কোটি টাকার বেশি।
বলিউড হাঙ্গামার খবর, অভিনেতা গাড়ি কেনার ঘোষণা না দিলেও বহুজাতিক কোম্পানির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে সে খবর জানানো হয়েছে। পোরশে ইন্ডিয়া একটি ছবি পোস্ট করে জানায়, নীল রঙা গাড়িটি কিনেছেন হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় তারকা।
ভারতীয় টেলিভিশনের অন্যতম দামি অভিনেতা রাম কাপুর। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন তিনি। ‘উড়ান’, ‘থাপ্পড়’, ‘বিগ বুল’-এর মতো সিনেমায় সম্প্রতি দেখা মিলেছে তাঁর।
জি টিভির ধারাবাহিক ‘কসম সে’র মিস্টার ওয়ালিহা হিসেবে আজও দর্শকমনে আসন গেড়ে আছেন রাম কাপুর। গত বছর মীরা নায়ারের ‘আ সুইটেবল বয়’ সিরিজেও দেখা মিলেছিল তাঁর। রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুরও টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ।

বিনোদন ডেস্ক