মিস্টার ফাইসুকে টপকে কত টাকা নিচ্ছেন জান্নাত?
শিহরণ জাগানো রিয়েলিটি শো দেখার জন্য প্রস্তুত সবাই। আসছে রোহিত শেঠি সঞ্চালিত রিয়েলিটি শো খাতরোঁ কে খিলাড়ির দ্বাদশ মৌসুম। দক্ষিণ আফ্রিকায় শুটে সব প্রতিযোগী বেশ মুডে আছেন।
এর আগে বিভিন্ন খবরে প্রকাশ, এবারের মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী টিভি তারকা রুবিনা দিলেইক। তবে এবিপি লাইভের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, রুবিনা নন, এবার সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন টিকটকে খ্যাতি পাওয়া অন্তর্জাল তারকা জান্নাত জুবাইর রহমানি। প্রতি পর্বের জন্য বেশ বড় অঙ্কের অর্থ নিচ্ছেন তিনি।
এবিপি লাইভের খবর, অর্থের বিচারে এই মৌসুমের বড় বড় তারকাকে পেছনে ফেলেছেন জান্নাত জুবাইর। তিনিই এখন এই রিয়েলিটি শোর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী। প্রতি পর্বের জন্য জান্নাত নিচ্ছেন ১৮ লাখ রুপি। অন্যদিকে, মিস্টার ফাইসু ওরফে ফয়সাল শেখ প্রতি পর্বের জন্য নিচ্ছেন ১৭ লাখ রুপি।
চলতি বছরে ১৫ প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগীরা হলেন—রুবিনা দিলেইক, শিবাঙ্গি জোশি, মুনাওয়ার ফারুকি, কণিকা মান, স্মৃতি ঝা, তুষার কালিয়া, আনেরি ভজনি, জান্নাত জুবাইর রহমানি, মোহিত মালিক, চেতনা পান্ডে, নিশান্ত ভাট, প্রতীক সেহজপাল, রাজিব অরাতিয়া, এরিকা প্যাকার্ড ও ফয়সাল শেখ।
সাউথ আফ্রিকায় এখন এই শোর শুটিং চলছে এবং কালারস টেলিভিশন চ্যানেলে শিগগিরই প্রচার হবে।

বিনোদন ডেস্ক