মাদক ও ভূমিদস্যুর বিপক্ষে লড়বেন সালমান খান!
বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এ সিনেমায় শক্তিশালী ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। সিনেমাটি মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে, যেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
ইনস্টাগ্রামে আয়ুশ শর্মা একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানেই সালমান খানের প্রথম ঝলক প্রকাশ হয়েছে। আর সালমানের লুক অন্তর্জালবাসীর মন জয় করেছে। সালমানের লুক প্রকাশের পরই এ সিনেমা নিয়ে জল্পনা-কল্পনা শুরু। সূত্রের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সালমান খান ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়বেন। এ সিনেমায় শিখ পুলিশের চরিত্রে দেখা যাবে সাল্লু ভাইকে।
আগামী বছর ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি হবে সালমান খানের মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমা। এর আগে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘রাধে—ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সূত্রটি বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, প্রভুদেবা পরিচালিত এ সিনেমায় মাদক মাফিয়ার বিরুদ্ধে লড়তে দেখা যাবে সালমানকে।
‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৬ নভেম্বর। সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে অভিনেতা নিকিতিন ধীরকে। তিনি সিনেমাটির অ্যাকশন সিক্যুয়েন্সে অংশ নিয়েছেন ২০ দিন। জানুয়ারিতে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আবার অংশ নেবেন সালমান। সব ঠিক থাকলে ‘অন্তিম’ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, ওড়িয়াসহ পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে।
অন্যদিকে, ‘রাধে—ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাবে আগামী বছরের ঈদে। এতে সালমানের নায়িকা দিশা পাটানি। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জ্যাকি শ্রফ ও রণদীপ হুদাকে।

বিনোদন ডেস্ক