বড় মেয়ের অনুরোধে ফের বিয়ে করেছিলেন মনোজ
ভারতীয় অভিনেতা ও রাজনীতিক মনোজ তিওয়ারি দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হয়েছেন গত ৩০ ডিসেম্বর। লকডাউনে সুরভীকে বিয়ে এবং প্রথম স্ত্রী রানির সঙ্গে কী সমীকরণ ছিল, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সাবেক এই ‘বিগ বস’ প্রতিযোগী। তিওয়ারি এ-ও বলেছেন, বড় মেয়ে রিতির কারণেই তিনি ফের বিয়েতে রাজি হয়েছিলেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, প্রায় ১০ বছর আগে প্রথম স্ত্রী রানির সঙ্গে আলাদা হয়েছিলেন মনোজ তিওয়ারি। ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘লকডাউন চলাকালে এপ্রিলে সুরভী ও আমি বিয়ে করি। সে আমার প্রশাসনিক কাজগুলো দেখভাল করত। আসলে, সে একজন গায়িকা এবং আমার একটি মিউজিক ভিডিয়োতে কাজও করেছে। সুরভী ও আমি যেন বিয়ে করি, সে পরামর্শ দিয়েছিল আমার মেয়ে রিতি। সে ও সুরভী একে অন্যের সঙ্গে বেশ স্বচ্ছন্দ।’
ই-টাইমসকে মনোজ তিওয়ারি আরো জানান, ২০১০ সালে রানি ও তাঁর যখন সেপারেশন হয়েছিল, খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। জীবন অন্যরকম হয়ে গিয়েছিল।
এই অভিনেতা ও গায়ক আরো জানান, দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করায় তাঁর বড় মেয়ে বেশ খুশি। যদিও তাঁর দুই কন্যা এখনো এক হয়নি। তবে দেখার পর নাকি নবজাতকের নাম রাখবেন মনোজের বড় কন্যা।

বিনোদন ডেস্ক