জন্মদিনে প্রেমের দিনগুলো মিস করছেন জুঁই!
দেশের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন রোবেনা রেজা জুঁই। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের স্ত্রী হিসেবেও রয়েছে তাঁর আলাদা পরিচিতি। আজ (২৬ মে) তাঁর জন্মদিন। বিশেষ দিনে প্রেমিকা জুঁইকে সবার আগে শুভেচ্ছা জানাতেন মোশাররফ করিম, বন্ধুদের দিয়ে পাঠাতেন উপহার। তবে বিয়ের পর সেই সুযোগ আর হয়নি!
এনিটিভি অনলাইনকে জুঁই বলেন, ‘আমরা যৌথ পরিবারে বাস করি, যে কারণে আমার ভাসুরের মেয়েরা আগে থেকেই কেক এনে রাখে। পরিবারের সবাইকে নিয়ে কেক কাটা হয়। সবাই মিলে উইশ করে। এবারও তাই হয়েছে। যে কারণে বিয়ের পর মোশাররফ সবার আগে উইশ করার সুযোগ আর পায়নি।’
মোশাররফের সঙ্গে প্রেম, উপহার নিয়ে স্মৃতিচারণা করে জুঁই বলেন, ‘বিয়ে করার আগে আমরা বেশ কয়েক বছর প্রেম করেছি। সে সময় মোশাররফ সবার আগে আমাকে উইশ করত। আমাদের প্রেম হওয়ার পর প্রথম জন্মদিনে সে আমার জন্য অর্নামেন্টের সেট পাঠিয়েছিল। যদিও তখন সে আমাদের বাসায় আসতে পারেনি। আমার এক বান্ধবীকে দিয়ে পাঠিয়েছিল। আর উইশ করত ফোনে।’
বাবা জন্মদিন পালন খুব একটা পছন্দ করতেন না জানিয়ে জুঁই বলেন, ‘আমার বাবা জন্মদিন পালন করাটা তেমন একটা পছন্দ করতেন না। তবে আমার বড় ভাইবোন সব সময় আয়োজন করতেন। এমনও হয়েছে বাজার থেকে সাধারণ কেক এনে প্রতিবেশী বন্ধুদের নিয়ে তা কেটেছেন। বাবা তখন সামনে আসত না। জন্মদিনে বন্ধুদের খাওয়াতে বাবা বাজার করে দিতেন ঠিকই।’
কলেজ জীবনে ঘটা করে জন্মদিন পালন শুরু জানিয়ে জুঁই আরো বলেন, ‘যখন আমি কলেজে পড়ি, তখন থেকে ঘটা করে জন্মদিন পালন শুরু হয়। বন্ধুরা কেক নিয়ে বাসায় চলে আসত। কেকের মধ্যে লেখা থাকত আমার নাম। সে সময়টা অনেক মিস করি। এখন করোনার সময়, তাই পরিবার নিয়ে মূলত বাসাতেই জন্মদিন কাটছে। নিজে ও নিজের পরিবারের সবাই বাসায় থাকুন। এই দুর্যোগ থেকে আমরা অবশ্যই মুক্তি পাব। সবাই সবার জন্য দোয়া করবেন।’

বিনোদন প্রতিবেদক