কাল রাতে এনটিভিতে ‘অল্প’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘অল্প’। অঞ্জন আইচের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, সূচনা আজাদ, মাহবুব শাহীন ও হাসান শহীদ বাবু।
নাটকের গল্প এমন—রাশেদের অফিসে কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল। কিন্তু রাশেদ কিছুতেই সেই ঝামেলার কথা কাউকে শেয়ার করতে চায়নি। এমন সময়ে ঢাকায় উপস্থিত রাশেদের কাজিন মেঘ। মেঘের সঙ্গে রাশেদের বিয়ে হওয়ার কথা ছিল। এ কথা রাশেদের স্ত্রী কনা ভালোভাবেই জানত। হয়তো এ কারণে মেঘকে পছন্দ করত না কনা। রাশেদের বাড়িতে উঠতে চাইল মেঘ। প্রথম দিকে মানা করলেও পরে নিজের বাড়িতে নিয়ে যায় রাশেদ। এ নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ।
এরপর নিত্যদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। কনা দেখে, স্বামী রাশেদের সঙ্গে মেঘের ঘনিষ্ঠতা বেশি। একদিন রাতে তুমুল ঝগড়া স্বামীর সঙ্গে। কিন্তু এসবের কিছুই জানত না মেঘ। সেই রাতের পর বাড়ি থেকে চলে যায় মেঘ। কিন্তু রেখে যায় বেশ কিছু টাকা ও সম্পত্তি। এরপর কী হলো? তা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

বিনোদন ডেস্ক