করোনা কাটলে সজলের বিয়ে
আব্দুন নূর সজল এখনো ব্যাচেলর। বিনোদন অঙ্গনে তাঁর প্রেম বা বিয়ে নিয়ে বহুদিন নানা গুঞ্জন চলছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে সজল সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, তা হলো—বিয়ে করবেন কবে?
এনটিভি অনলাইনও সেই প্রশ্ন রেখেছিল সজলের কাছে। এ অভিনেতার উত্তর, ‘বিয়ের পরিকল্পনা এ বছর ছিল। এ বছর যেহেতু করোনাকাল, তাই হচ্ছে না। ইনশা আল্লাহ, দেখা যাক আগামী বছর।’
পাত্রী নাকি ঠিক করা আছে? এমন প্রশ্নে সজলের হাস্যোজ্জ্বল উত্তর, ‘পারিবারিকভাবে।’ সঙ্গে আরো যোগ করলেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—এসব আল্লাহর হাতে। এগুলো প্রেডিকশন করার লজিক্যাল গ্রাউন্ড নেই। আমরা সবাই বলতে পারি একরকম, কিন্তু উনিই ডিসাইড করেন কখন কী হবে সেটা।’
ছোট পর্দার এই অভিনেতা বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে নিয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’। আরো একটি সিনেমার শুটিং করছেন। যদিও সেই সিনেমার নাম এখনই প্রকাশ করতে চান না এ অভিনেতা। এ ছাড়া আরো একটি সিনেমার কথা বেশ এগিয়েছে বলে জানালেন তিনি।

বিনোদন প্রতিবেদক