আলো-আনন্দে নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা উদ্যাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে সাড়ম্বরে উদযাপিত হয়েছে শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬। দীপাবলি, নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, আমাদের সমাজে নানা বর্ণের, নানা ধর্মের ও নানা পেশার মানুষ বসবাস করে। আমাদের প্রকৃতিতে যেমন বৈচিত্র্য রয়েছে, সমাজেও তেমনি বৈচিত্র্য বিদ্যমান। এই বৈচিত্র্যের মধ্য দিয়েই সৃষ্টিকর্তা- যাঁকে আমরা ঈশ্বর, ভগবান, আল্লাহ বা বিধাতা বলি- এই পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে সবারই নিজ নিজ ধর্ম ও মত অনুযায়ী চলার অধিকার রয়েছে। ডাকার পথ ভিন্ন হতে পারে, তবে সৃষ্টিকর্তা একই। আজকের এই শ্যামা পূজা উদযাপন সফল ও সার্থক হোক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মো. মেরাজুল ইসলাম, সহকারী প্রক্টর নাজমুল হাসান এবং আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপন, দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি প্রদান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় শ্যামাসংগীত, নৃত্য ও নাটক।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়