মোটরসাইকেল আগুন দিয়ে পোড়াল দুর্বৃত্তরা
ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার সদরের নারিকেলবাড়িয়া এলাকার হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাদিম মাহমুদ মৃধা সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মৃত আবুল বাশার মৃধার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নাদিম তার সুজুকি জিক্সার মোটরসাইকেলটি খালের একপারে রেখে সাঁকো পার হয়ে বাড়িতে যান। কিছুক্ষণ পর তার মা হেলেনা বেগম খালের ওপারের রাস্তায় আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে নাদিম ও তার মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তারা খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে এর আগেই গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেননি ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটির মালিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কে এম সবুজ, ঝালকাঠি