রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে বিষধর সাপের কামড়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় নুরনবী ইসলাম নামের এক শিক্ষার্থীর পায়ে কালাচ সাপ কামড় দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নুরনবী ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নুরনবীর রুমমেট হাবিবুর রহমান বলেন, ভোরে বিছানায় সাপটি পায়ে কামড় দিলে নুরনবী চিৎকার করে ওঠেন। পরে রুমের ভেতর কালাচ সাপটি দেখতে পান তারা। তাকে দ্রুত প্রথমে রাবি মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বর্তমানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, আক্রান্ত শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে, হলে এর আগেও একাধিকবার সাপ ঢোকার ঘটনা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আল-আমিন সরকার বলেন, আগে ঘাস পরিষ্কার ও ব্লিচিং পাউডার ছিটানো হলেও সাপ ঢোকার ঘটনায় তারা আরও সতর্ক হবেন এবং নতুন করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়