ইউথ লিডারশিপ প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল
চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ‘ইউথ লিডারশিপ প্রোগ্রাম অন বিল্ডিং এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার এমং নেবারিং কান্ট্রিজ ২০২৬’-এ অংশ নিতে ১০ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।
আজ বুধবার (১১ নভেম্বর) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হবেন।
আগামী ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশটির বেইজিং ও হেইনান শহরে এ আন্তর্জাতিক যুব কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে দেশটির বিখ্যাত ‘চায়না ফরেন অ্যাফেয়ার্স ইউনিভার্সিটি’।
আয়োজকরা জানান, এই কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এতে মূলত তরুণ নেতৃত্বের বিকাশ, পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সফর প্রসঙ্গে জকসু ভিপি রিয়াজুল ইসলাম জানান, চীন সরকারের আমন্ত্রণে এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সম্মানের। এই সফরের মাধ্যমে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে চান বলে জানান তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক