বেরোবিতে সাংবাদিকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে তিন মাসব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ‘প্রতিবেদনের পথে ১.০’ শুরু হয়েছে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিএসই বিভাগের ভার্চুয়াল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান তাবিউর রহমান প্রধান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের প্রধান উমর ফারুক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশিদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হকসহ একাধিক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে তা বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিন মাসের প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব সাংবাদিকতায় প্রয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ সভাপতির বক্তব্যে বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়, তথ্য সংগ্রহ, যাচাই, সাক্ষাৎকার ও নৈতিকতার জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধন শেষে প্রশিক্ষণের প্রথম ক্লাস পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রশিক্ষক সাইফুল ইসলাম।
আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে সংবাদ লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার ও সাংবাদিকতার নৈতিকতার মতো মৌলিক ও ব্যবহারিক বিষয়ে শিক্ষা দেওয়া হবে, যা শিক্ষার্থীদের পেশাগত সাংবাদিকতার জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখবে।

আবুল খায়ের জায়েদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়