জামায়াতের দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা
আগামী ২৮ অক্টোবর ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার (২৫ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কেন্দ্রীয় সংগঠন এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ ছাড়া আগামী ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া করা হবে।
জামায়াতের সব শাখাকে এ দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে আমরা দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক