আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
সারাদেশে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) উদ্যাপিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জনগণের তথ্য জানার অধিকার সুসংহত করা এবং তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তথ্য কমিশন বাংলাদেশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণাসহ বহুমাত্রিক কর্মসূচি নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রকাশ করা এক তথ্যবিবরণীতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়গুলোতে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া দিবসের মূল প্রতিপাদ্যকে উপজীব্য করে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) প্রেরণ, ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে তথ্য অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন দাপ্তরিক ওয়েবসাইটে ফেস্টুন প্রচারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক