হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৬০ জনের শাস্তি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ছয় শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আরও ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মাত্রার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলা এবং ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর চূড়ান্তভাবে শাস্তির আদেশ কার্যকর করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে মোট চার ধরনের শাস্তি প্রদান করেছে। এর মধ্যে—আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার, নির্দিষ্ট সতর্কীকরণ এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ছয় শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে, পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
এ ছাড়া সহকারী প্রক্টরের ওপর সরাসরি হামলার ঘটনায় ছয় শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—মো. নাইমুর রহমান দুর্জয় (এআইই), সাকির মাহমুদ (অর্থনীতি), মো. সৌরভ আহমেদ (ইসিই), মো. আসাদুজ্জামান সাগর (এফপিই), আসিফ হোসেন (ইংরেজি) এবং তাসরিয়াফ ইসলাম প্রান্তিক (অ্যাকাউন্টিং)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে শাস্তির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)