১৪ দিনে প্রবাসীরা পাঠালেন ২০ হাজার ৯৮০ কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২০ হাজার ৯৮০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে তিনদিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার বা দুই হাজার ৫৮ কোটি ৪০ লাখ টাকা।
আজ রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক