কনটেইনারে পেল ৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প
প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল একটি কনটেইনার। সেই কনটেইনার খুলতেই বেরিয়ে এলো বিপুল প্রসাধনী সামগ্রীসহ ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। ঘোষণার সঙ্গে পণ্যের মিল না থাকায় প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা ধরা পড়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার যৌথভাবে এই অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ঢাকার যমুনা ফিউচার পার্কের চাইনা মার্ট নামের একটি প্রতিষ্ঠান এ চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি ঘোষণায় পণ্যের নাম দেওয়া হয়েছিল প্রিন্টিং মেশিন। তবে সন্দেহ হওয়ায় চালানটি বিশেষ নজরদারিতে রাখেন গোয়েন্দা কর্মকর্তারা।
গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা যৌথভাবে কনটেইনারটি পরীক্ষা করেন। এ সময় ঘোষিত কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। কনটেইনার ভর্তি প্রসাধনী সামগ্রীর পাশাপাশি উদ্ধার করা হয় ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। উদ্ধার করা স্ট্যাম্পগুলো নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত। অন্যদিকে কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রী আমদানিতে আরও প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে চালানটিতে ৪৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকি পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক