টেকসই ও দায়িত্বশীল ব্যবসায় জোর, প্রথম প্রতিবেদন প্রকাশ স্বপ্নের
টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ‘লিডিং চেঞ্জ, নারচারিং টুমরো’ শীর্ষক প্রতিবেদনে টেকসই কৃষি, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) ঢাকার গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, কূটনীতিক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং স্বপ্নের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রমের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে কৃষকদের সহায়তা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নের অগ্রগতি তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে স্বপ্নের আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৫টি। এসব আউটলেটের মাধ্যমে প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি পরিবারকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সময়ে স্বপ্নে কর্মরত ছিলেন ৮ হাজার ৫০০ জনের বেশি কর্মী, যার ১৯ শতাংশ নারী।
অনুষ্ঠানে টেকসই উন্নয়ন নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার ইয়োশিদা আয়া, এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, মিৎসুই অ্যান্ড কোংয়ের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফারুক সোবহান। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেসরকারি খাতকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বপ্নের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ শুধু নিয়ম মেনে চলার বিষয় নয়; ব্যবসায় স্বচ্ছতা, জবাবদিহি ও আস্থা তৈরিরও গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইয়োশিদা আয়া বলেন, রিটেইল খাতে খাদ্য অপচয় রোধ একটি বড় চ্যালেঞ্জ। বিক্রি না হওয়ায় অনেক পণ্য নষ্ট হয়ে যায়। এ অপচয় কমাতে কার্যক্রমের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নতির সুযোগ খুঁজে বের করা জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ড. আরিফ দৌলা বলেন, কৃষকদের ন্যায্যতা ও ভালো সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠানটি ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
কেনিচিরো কাওয়ামোতো বলেন, দীর্ঘমেয়াদে ব্যবসার সফলতার জন্য টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নের প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশকে তিনি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ফারজানা চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে টেকসই উন্নয়ন জরুরি। বিশেষ করে কৃষিবিমা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সেবায় প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান বলেন, দেশের রিটেইল খাতের উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং অর্থনীতিতে মূল্য সংযোজনে স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যভিত্তিক এই প্রতিবেদন স্বপ্নের বর্তমান অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যতের টেকসই উন্নয়নের অগ্রগতি পরিমাপে সহায়ক হবে।
এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বাংলাদেশের রিটেইল খাতের ভবিষ্যৎ নির্ভর করবে অতীতের অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর। তিনি বলেন, গ্রাহক, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম যেন এই অগ্রযাত্রা নিয়ে গর্ব করতে পারে, এমনভাবেই এগিয়ে যেতে চায় স্বপ্ন।
ব্যবসায়িক মুনাফার চেয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পৃথিবী রেখে যাওয়াকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন ‘স্বপ্ন’। স্পষ্ট করে এনটিভি অনলাইনকে জানান সহজ কোনো উপায়ে নয়, বরং একটি সুনির্দিষ্ট সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার মধ্য দিয়েই স্বপ্ন তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ‘ফ্রম সয়েল টু সোল: স্বপ্ন’স সাসটেইনেবিলিটি জার্নি’ শীর্ষক একটি ভিডিও প্রদর্শন করা হয়। এতে কৃষক, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে স্বপ্নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
স্বপ্নের সঙ্গে যুক্ত কৃষক, কর্মী, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, টেকসই কৃষি, শোভন কর্মসংস্থান এবং পরিবেশ সুরক্ষায় স্বপ্নের বিভিন্ন কার্যক্রমও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল খাত গড়ে তুলতে অবদান রাখার প্রত্যাশা জানিয়েছে স্বপ্ন।

এনটিভি অনলাইন ডেস্ক