ম্যারিকোর ‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫ শুরু, আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার ৬০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মেধা বিকাশ প্ল্যাটফর্ম ‘ওভার দ্য ওয়াল’-এর পঞ্চম আসর। প্রতিযোগিতায় বিজয়ী দল পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পাবে। এ ছাড়া সেরা দুই দল ম্যারিকো বাংলাদেশে ইন্টার্নশিপ এবং সেরা তিন দল আকর্ষণীয় অর্থ পুরস্কার জেতার সুযোগ পাবে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘ওভার দ্য ওয়াল’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণদের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধানের সুযোগ দিচ্ছে ম্যারিকো বাংলাদেশ। এতে অংশগ্রহণকারীরা শিল্প খাতের অভিজ্ঞ নেতাদের কাছ থেকে শেখার পাশাপাশি ব্যবসায়িক জগতের পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন।
প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে থাকছে ব্যবসায়িক সমস্যা সমাধানের চ্যালেঞ্জ, পরামর্শদান সেশন, নেতৃত্ববিষয়ক আলোচনা এবং ম্যারিকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান এবং ব্যবহারিক ব্যবসায়িক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের ধারণা আরও উন্নত করবেন এবং বাস্তব ব্যবসায়িক সমস্যার কার্যকর সমাধান উপস্থাপন করবেন। চূড়ান্ত পর্বে সেরা দলগুলো বৈশ্বিক প্ল্যাটফর্মে ব্যবসা খাতের অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে নিজেদের ধারণা তুলে ধরবে।
প্রতিযোগিতার বিজয়ী দল পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ পাবে। এর মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই বৈশ্বিক করপোরেট পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে তারা। এর আগে ‘ওভার দ্য ওয়াল’-এর তৃতীয় আসরের বিজয়ীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছিলেন।
এ বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক কে এম সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্বের যেকোনো প্রান্তের মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখেন। নিজেদের সম্ভাবনা তুলে ধরার জন্য তাদের প্রয়োজন উপযুক্ত একটি প্ল্যাটফর্ম।
তিনি বলেন, ‘ওভার দ্য ওয়াল’ তরুণ মেধাবীদের বড় স্বপ্ন দেখা, নির্ভয়ে নতুন কিছু তৈরি করা এবং নিজেদের ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে তারা বৈশ্বিক কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারবেন এবং ক্যারিয়ারের শুরুতেই আন্তর্জাতিক পরিসরে নিজেদের চিন্তা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর মাধ্যমে শিল্প খাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতের জন্য দক্ষ ও মেধাবী তরুণদের প্রস্তুত করা হচ্ছে। বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জে উদ্ভাবনী সমাধানের সুযোগ তৈরির পাশাপাশি তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথও তৈরি করছে এই উদ্যোগ।

এনটিভি অনলাইন ডেস্ক