বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক হলো এসিআই
দেশের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) সঙ্গে পরিবেশক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে।
সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের গ্লোবাল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট মি. অ্যান্ডি। এ সময় উপস্থিত ছিলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু, কান্ট্রি ম্যানেজার মি. তাভি চি, এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের HAVAL, TANK, ORA, WEY ও POER ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে। এর মধ্যে রয়েছে আধুনিক এসইউভি, ইলেকট্রিক ভেহিকল (ইভি), প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি।
এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তাব্যবস্থা, আকর্ষণীয় ডিজাইন এবং পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে এসিআই মোটরস। পাশাপাশি গ্রাহকদের জন্য মানসম্মত বিক্রয়োত্তর সেবা, অরিজিনাল খুচরা যন্ত্রাংশ এবং নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্ক নিশ্চিত করতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিডব্লিউএমকে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এসিআই মোটরস।

এনটিভি অনলাইন ডেস্ক