নতুন মজুরি কাঠামো কার্যকর ডিসেম্বরে, হাতে পাবেন জানুয়ারিতে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বাড়ানো নিয়ে আমরা সবাই ইতিবাচক। আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পাবেন।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বুধবার দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী একথা বলেন।
সভায় মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সাংবাদিকদের এক প্রশ্নের সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী সপ্তাহে হবে। মজুরি বোর্ডের ওই দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব পৃথকভাবে জমা দেবেন। একইসঙ্গে নিরপেক্ষ সদস্য একটি মজুরি প্রস্তাব দেবেন। তারপর সেই মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মধ্যে পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে সরকার। নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। অন্যদিক শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

নিজস্ব প্রতিবেদক