দেশের বাজারে আবারও বড় অঙ্কে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বড় অঙ্কে স্বর্ণের দাম কমেছে। ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
আজ শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল রোববার সকাল থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে শুক্রবার সকালে দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

নিজস্ব প্রতিবেদক