সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা
বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ দুই গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দুটি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে দক্ষিণ গুলশানের বন্ডেড ওয়্যারহাউজ টস বন্ড প্রাইভেট লিমিটেডে এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) যৌথ দল অভিযান পরিচালনা করে।
আজ শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, যৌথ দলের অভিযানে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউস রয়েছে দুটি। তবে পণ্য মজুত রেখেছিল চারটি ওয়্যারহাউসে। এর মধ্যে দুটি ওয়্যারহাউস অনুমোদিত তালিকার বাইরে।
বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে স্থানান্তর বা মজুত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শুল্কমুক্ত মদসহ বন্ড সুবিধার পণ্য অননুমোদিত স্থানে রাখা বা সেখান থেকে সরিয়ে ফেলার কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে যাচাই চলছে।
তদন্তের স্বার্থে এবং পণ্য সরিয়ে ফেলার সম্ভাবনা ঠেকাতে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ওয়্যারহাউসগুলোতে থাকা পণ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক