ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও এফআইসিএসি ওয়ার্ল্ডের সমঝোতা স্মারক সই
আন্তর্জাতিক হোটেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইএইচজি-এর অধীনে পরিচালিত পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এবং কনস্যুলার সংস্থা ও সমিতিসমূহের আন্তর্জাতিক ফেডারেশনের (এফআইসিএসি ওয়ার্ল্ড) মধ্যে এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানকে বাংলাদেশে এফআইসিএসি ওয়ার্ল্ডের দাপ্তরিক আতিথেয়তা অংশীদার হিসেবে ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার অঙ্গনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃত্ব এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোরিন-এর জ্যেষ্ঠ গ্রুপ উপদেষ্টা ফিরোজ আসাদ, এফআইসিএসির সভাপতি ও থেসালোনিকিতে ফিলিপাইনের সম্মানসূচক কনসাল জেনারেল নিকোলাওস মার্গারোপোলোস, এফআইসিএসির সহসভাপতি ও বাংলাদেশে চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী, বাংলাদেশে লুক্সেমবার্গের অনারারি কনসাল নাসরিন জামির, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের সম্মানসূচক কনসাল আরিক মোরশেদ এবং গাম্বিয়ার অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফারজানা চৌধুরীসহ অন্য অতিথিরা।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে এফআইসিএসি ওয়ার্ল্ডের সভাপতি নিকোলাওস মার্গারোপোলোস আনুষ্ঠানিক আতিথেয়তা অংশীদারিত্বের স্বীকৃতিস্বরূপ ফিরোজ আসাদের হাতে একটি সম্মাননা প্রশংসাপত্র তুলে দেন।

জাহিদুর রহমান