নয়াবাজারে ৪৪৪ রিম নকল ডাবল এ কাগজ জব্দ
বিদেশি পণ্যের মোড়কে দেশীয় কাগজ। উৎপাদন বাংলাদেশে অথচ কাগজের গায়ে লেখা মেইড ইন থাইল্যান্ড। বিশ্বখ্যাত ডাবল এ ব্র্যান্ডের নাম ব্যবহার করে এমন অভিনব প্রতারণার ঘটনা ধরা পড়েছে পুরান ঢাকার নয়াবাজারে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
জনসংযোগ বিভাগ জানায়, বিদেশি ব্র্যান্ডের পরিচয় ব্যবহার করে দেশীয় পণ্যকে বিদেশি পণ্য হিসেবে বিক্রির এই কৌশল সামনে এসেছে গতকাল মঙ্গলবার পরিচালিত এক অভিযানে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় পুরান ঢাকার নয়াবাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় সিআইআইডি। অভিযানে প্রতিষ্ঠান দুটিতে ডাবল এ ব্র্যান্ডের নামসংবলিত এবং মেইড ইন থাইল্যান্ড লেখা কাগজ পাওয়া যায়। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের পরিচয় বহনকারী এসব কাগজের প্রকৃত উৎপাদনস্থল বাংলাদেশ।
অর্থাৎ দেশেই তৈরি কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও উৎপদেশের পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এতে ক্রেতাদের কাছে পণ্যগুলো থাইল্যান্ডে তৈরি বলে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছিল। সিআইআইডির অভিযানে প্রথম প্রতিষ্ঠান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। সবমিলিয়ে জব্দ করা নকল কাগজের পরিমাণ ৪৪৪ রিম।

নিজস্ব প্রতিবেদক