টানা দুই দফা পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, আজ শুক্রবার (১০ জুলাই) ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় মিলছে।
এর আগে গত ৬ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ, দুদফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমলো ৬ হাজার ৫৯০ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক