জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা
জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অকটেন, পেট্রোল, কেরোসিন ও ডিজেল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।
মঙ্গলবার (৩০ জুন) জুলাই মাসে জ্বালানি তেলের দাম দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী মাসেও ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা বহাল থাকবে। লিটার প্রতি ডিজেলের দামও ১১৫ টাকা রাখা হয়েছে।
সর্বশেষ চলতি জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ায় সরকার।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

নিজস্ব প্রতিবেদক