জাহাজ শিল্পে শুল্ক সুবিধা অব্যাহত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধার মেয়াদ ৩০ জুন ২০৩০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বর্তমানে যে রেয়াতি শুল্ক সুবিধা পাচ্ছে, তা আরও কয়েক বছর অব্যাহত থাকবে। এই উদ্যোগ উৎপাদন ব্যয় কমাতে, রপ্তানি সক্ষমতা বাড়াতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক