কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে আনুষ্ঠানিকভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৮৩০ জন পর্যটক নিয়ে চলতি মৌসুমের প্রথম জাহাজ ‘এমভি বার আউলিয়া’ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
এর আগে বুধবার রাত ১১টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নানা কারণে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সরকারি বিভিন্ন সংস্থার প্রশাসনিক অনুমোদন মিললেও জেলা প্রশাসনের চূড়ান্ত সম্মতি না পাওয়ায় সংশয় তৈরি হয়। পরবর্তীতে পূর্বে টিকিট বিক্রি হয়ে যাওয়া পর্যটকদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথম দিনে একটি জাহাজ চলাচলের অনুমতি প্রদান করা হয়।
বর্তমানে কক্সবাজারের বাঁকখালী নদীতে পর্যটক পরিবহণের জন্য ‘এমভি বার আউলিয়া’, ‘এমভি কর্ণফুলি’ ও ‘এমভি টেকনাফ’ নামের তিনটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীসেবার মান উন্নত করতে জাহাজগুলোর সংস্কার, সাজসজ্জা ও পর্যটকদের বসার আসন পরিবর্তন করা হয়েছে। তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন; যার মধ্যে এমভি বার আউলিয়ার ৮৫০, এমভি কর্ণফুলির ৭৩২ ও এমভি টেকনাফের ৭১৬ জন।
সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমোদন পেতে মোট নয়টি জাহাজ আবেদন করেছিল। সকল প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই-বাছাই শেষে আপাতত তিনটি জাহাজকে চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ছয়টি জাহাজের আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত এবং রাত্রিযাপনের সুযোগ পাবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে এবং দ্বীপ ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত হলেও সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বেশ কিছু কঠোর বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ এবং তা কেনাবেচা করা যাবে না। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, সামুদ্রিক ঘাস ও শৈবালের কোনো ধরনের ক্ষতি করা যাবে না এবং সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকসহ যেকোনো ধরনের যানবাহন চলাচলও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, আগে থেকে টিকিট কাটা অনেক পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জাহাজটি সকাল ৭টায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা।
তিনি আরও বলেন, পর্যটকবাহী জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পর্যটক পরিবহণ ও সেন্টমার্টিন ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার