শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবকে পুলিশে দিল ছাত্রদল
রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
শাখাওয়াত মুনকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন।
ভিডিওতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’অবস্থায় আছেন। এ সময় একজন তাঁকে থাপ্পড় দেন।
ভিডিওতে আরও দেখা যায়, শাখাওয়াতের কাছে নাম জানতে চান ছাত্রদল নেতা মোতাহার। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা–ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাঁকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক