রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার চূড়ান্ত কর নির্ধারণী আদেশ
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ ভ্যাট অপরিশোধিত রাখার অভিযোগ উঠেছে রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে। পাঁচ বছরে ৯৪১ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহের বিপরীতে সরকারি কোষাগারে ভ্যাট জমা হয়েছে ২২ লাখ টাকা। অপরিশোধিত ভ্যাট ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৫ টাকা এবং ২৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা মিলিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৫ টাকার চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করেছে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
বুধবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ জানায়, নারায়ণগঞ্জের কাঁচপুরে অবস্থিত রহিম এনার্জি লিমিটেড একটি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কিন্তু বিদ্যুৎ সরবরাহের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) সরকারি কোষাগারে যথাযথভাবে জমা না দেওয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
কমিশনারেটের দেওয়া তথ্যমতে, ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহের বিপরীতে মোট সেবা মূল্য দাঁড়ায় ৯৪০ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ৫১৩ টাকা। সেবা মূল্যের ওপর পাঁচ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি তিন লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় ২২ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা। ফলে বিপুল পরিমাণ ভ্যাট অপরিশোধিত থেকে যায়।
হিসাব অনুযায়ী, জমা দেওয়া ভ্যাট বাদ দেওয়ার পর অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৫ টাকা। এই অর্থ পরিশোধ না করার অভিযোগে রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা দায়ের করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরবর্তীতে শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। তবে শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিশনারেট।
উভয় পক্ষের শুনানি শেষে অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৫ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়। সবমিলিয়ে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৫ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক