এনটিভির ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠান ঘিরে প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা
দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে কথা বলছেন প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষ। শ্রেণি-পেশা ভেদে তারা জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা।
প্রত্যাশার কথা বলতে গিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি জানান, আগামী বাজেটে ভোলায় নদীভাঙন প্রতিরোধে একটি টেকসই ও স্থায়ী বাঁধব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভোলার নদীভাঙন রোধ পায়।
আরকজন নাগরিক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ লাখ মানুষের জন্য এ বাজেটে একটি মেডিকেল কলেজ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাজেট ঘিরে প্রত্যাশা সম্পর্কে একজন ওষুধ দোকানদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ওপর যে ভ্যাট ও ট্যাক্সের বোঝা আছে তা কমাতে হবে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতাও কমাতে হবে।
নিজের বাজেট ভাবনার কথা বলতে গিয়ে একজন নারী বলেন, বাজেট নারীবান্ধব হতে হবে। নারীবান্ধব না হলে আমরা নারীরা এগিয়ে যেতে পারব না।
২০২৬-২৭ বাজেট ঘিরে ক্ষুদ্র উদ্যোক্তাদের চাওয়া, বাজেট যেন শ্রমবান্ধব হয়। পাশাপাশি যারা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে, তাদের জন্য খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তা ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। তাদের জীবনমানও সহজ করতে হবে।
একজন শ্রমিক বলেন, আমরা যারা শ্রমিক, আমাদের আয়ের বেশির ভাগই আবাসন খাতে চলে যায়। আমরা দাবি করি, শ্রমিকদের আবাসনের ব্যবস্থা মালিকদের করতে হবে। ক্ষুদ্র ঋণ নেওয়ার পর এক বছর পর্যন্ত যেন কিস্তি দিতে না হয়। আর এই এক বছরে তারা কী কাজে টাকাটা ব্যয় করছে, সেটিও তদারকি করতে হবে।
ঢাকার বাইরের বাসিন্দারা বলেন, ঢাকায় বসে বাজেট করলে চলবে না। জেলার মানুষের চাহিদা জানতে প্রতিটি জেলায় গিয়ে বাজেট পরিকল্পনা করতে হবে।
একজন স্বাস্থ্যকর্মী তার বাজেট নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে বলেন, কিছু রোগ আছে, যেগুলো আগেভাগেই প্রতিরোধ করা সম্ভব। সেসব বিষয়ে বিনিয়োগ ও জনস্বাস্থ্য সচেতনতার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। গবেষণায় বাজেট বাড়াতে হবে। তাহলে হাসপাতালে যে চাপ পড়ছে, সেটা কমবে। চিকিৎসা খাতে খুবই দুরবস্থা। সরকারি হাসপাতালগুলোতে যে পরিমাণ বাজেট থাকা দরকার, তা নিশ্চিতে খেয়াল রাখতে হবে। গ্রাম থেকে শহর—সব ক্ষেত্রে বাজেট বাড়াতে হবে। এ ক্ষেত্রে সরকারের কাছে আমরা আলাদা বাজেট দাবি করছি।
নিজের বাজেট ভাবনার বিষয় জানাতে এক তরুণ বলেন, জনগণ যেন সরাসরি উপকৃত হয়, এমন বাজেট চাই। গণঅভ্যুত্থান হয়েছে যে রক্তের ওপর দাঁড়িয়ে, সেই জায়গা থেকে সরকারের উচিত জনসাধারণের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এনটিভির স্টুডিওতে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা চলছে।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভি, এনটিভি অনলাইন, এনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক