বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস, নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশের রাজস্বনীতির অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা পর্যালোচনার লক্ষ্যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, ব্যবসায়িক প্রতিনিধি ও শিক্ষার্থীরা একত্রিত হন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মোজুমদার। মূল আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমের ওপর জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব তুলে ধরা হয়। এর মাধ্যমে নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের একটি ক্ষেত্র তৈরি হয়।
বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।
সেমিনারে দেওয়া বক্তব্যগুলোতে ব্যবসায়িক আস্থা, বিনিয়োগ এবং জাতীয় নেতৃত্বের দায়িত্ব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। দেশ থেকে পুঁজি বাইরে চলে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার অবনতি এবং দেশীয় বিনিয়োগ উৎসাহিত করার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিতে আস্থা পুনর্গঠনের উপায় হিসেবে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে। বক্তব্যগুলোতে আরও গুরুত্ব দেওয়া হয় যে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য ব্যবসায়ীসমাজ ও বৃহত্তর জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণসহ সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সেমিনারে সেশন চেয়ারের দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। একাডেমিক আলোচনায় জাতীয় রাজস্বনীতির অগ্রাধিকার, উচ্চশিক্ষা, গবেষণার উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তিকে প্রস্তুত করার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়।
উপাচার্যের আলোচনায় বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা জোরদার করার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ।
এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহজলভ্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পর্যায়ের অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে অধিকতর সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। এসব প্রস্তাবে উচ্চশিক্ষাকে শিল্পখাতের চাহিদা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করার বিষয়ে সেমিনারের বৃহত্তর লক্ষ্য প্রতিফলিত হয়।
অনুষ্ঠানের অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতি ও করপোরেট খাতকে প্রভাবিত করা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক ড. মোখলেছ উর রহমান।
একাডেমিক আলোচনায় আরও অন্তর্ভুক্ত ছিলেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ কে এম আতিকুর রহমান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক ও অধ্যাপক ড. নাজলী সিদ্দিকীর সূচনা বক্তব্য এবং সেশনের উদ্দেশ্য তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন ড. সিদ্দিকী জাতীয় বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত ও তার বিস্তৃত অর্থনৈতিক প্রভাব বোঝার ওপর সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর স্বাগত বক্তব্যের পর অর্থসচিব সরকারি ও করপোরেট খাতে জাতীয় বাজেটের বিভিন্ন বিধান এবং সেগুলোর প্রভাব নিয়ে মূল আলোচনা পরিচালনা করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিজ্ঞ ব্যবসায়ী নেতা হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রাতিষ্ঠানিক ও প্রাসঙ্গিক বক্তব্য দেন এম এ কাশেম।
হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার এবং এনএসইউ ইয়েস!-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম ফেরদৌসের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। পরে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এনএসইউ ইয়েস!-এর সহযোগিতায় এনএসইউ এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের এ আয়োজন শিক্ষাঙ্গন, সরকার ও করপোরেট খাতের মধ্যে সম্পৃক্ততা জোরদারের প্রচেষ্টাকে প্রতিফলিত করে। রাজস্বনীতি, বিনিয়োগ, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক আলোচনার মাধ্যমে উদ্যোগটি শিক্ষার্থীদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব বিস্তারকারী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নীতিগত বিবেচনাগুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেয়।

এনটিভি অনলাইন ডেস্ক