এক মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন
দেশে ভ্যাট নিবন্ধিত নতুন প্রতিষ্ঠানের সংখ্যায় রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ডিসেম্বর মাসে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। এর ফলে দেশে বর্তমানে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।
আজ শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালনকালে ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এনবিআরের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে ১ লাখ নতুন প্রতিষ্ঠানকে নিবন্ধিত করা। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা সম্ভব হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। যা বর্তমানে ৭ লাখ ৭৫ হাজারে উন্নীত হয়েছে।
রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভ্যাট খাত বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশই এসেছে ভ্যাট থেকে। বর্তমান সরকার ভ্যাটের আওতা বৃদ্ধির লক্ষ্যে আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই নিবন্ধন বাধ্যতামূলক করেছে।
এনবিআর জানায়, ব্যবসায়ীদের সুবিধার্থে বর্তমানে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ ও অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নে ভোক্তা, ব্যবসায়ী ও শিল্প মালিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

নিজস্ব প্রতিবেদক