অক্টোবরে এলটিইউ ভ্যাটের রেকর্ড, প্রবৃদ্ধি ৩৪ দশমিক ৪৭ শতাংশ
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ ভ্যাট আদায় করেছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। মাসটিতে আট হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে এলটিইউ। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
জনসংযোগ বিভাগ জানায়, গত ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ছয় হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে দুই হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
এলটিইউর ভ্যাটের তথ্য অনুযায়ী, অক্টোবর মাস পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও অক্টোবর মাসের এই আদায় বিগত যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। চলতি অর্থবছরের আগের মাসগুলোতে রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। সেখান থেকে অক্টোবরে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায় ছিল তিন হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে আদায় হয় পাঁচ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় দাঁড়ায় পাঁচ হাজার ৫৯১ কোটি তিন লাখ টাকা। গত কয়েক বছরের অক্টোবর মাসের রাজস্ব আদায়ের তুলনায় চলতি অর্থবছরের অক্টোবর মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এখনো ঘাটতি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক