জামানত ছাড়াই ঘরে বসে মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন?
জামানত ছাড়াই তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বল্প সুদে এ ঋণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৯ নভেম্বর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) জারি করা সার্কুলার নম্বর-০২-এর মাধ্যমে ‘ই-লোন’ পুনঃঅর্থায়ন কর্মসূচিটি হালনাগাদ করা হয়েছে। এ কর্মসূচির মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
এই কর্মসূচির আওতায় যোগ্য গ্রাহকরা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন। নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং ই-ওয়ালেট ব্যবহার করে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে ঋণের অর্থ বিতরণ করা হবে।
হালনাগাদ কর্মসূচিতে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা দুর্গম এলাকার বাসিন্দা, প্রান্তিক নারী, কুটির ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী হিসাবধারী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকরা।
ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ মাস। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঋণ সহায়তার মূল লক্ষ্য হলো সুবিধাভোগীদের আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণে সহায়তা করা। পাশাপাশি মোবাইল অ্যাপ ও ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম ব্যবহারে সাধারণ মানুষকে অভ্যস্ত করার মাধ্যমে দেশে নগদবিহীন লেনদেন ব্যবস্থা এগিয়ে নেওয়াও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)