৪৮০ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
বেসরকারি উন্নয়ন সংস্থা 'পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন' (পপি) এর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির ৫ পদে মোট ৪৮০ জনকে এই চাকরিতে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রধান কার্যালয়ে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৯ নভেম্বর ২০২৬।
নিচে পদগুলোর বিস্তারিত বিবরণ ও যোগ্যতা তুলে ধরা হলো
কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা : ৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি অন্তত ১৫টি শাখা পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে।
বেতন : প্রবেশনকালে ৬৬,৮৬২ টাকা এবং চাকরি স্থায়ী হলে ৭৩,৮০৩ টাকা।
সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা : ২৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক ডিগ্রি। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে অন্তত ৭ বছরের অভিজ্ঞতার পাশাপাশি ৪টি শাখা পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৭ বছর।
বেতন : প্রবেশনকালে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ী হওয়ার পর ৫৭,৭৭৪ টাকা।
শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা : ৭৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার মৌলিক ধারণা। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৩ বছর।
বেতন : প্রবেশনকালে ৪৩,৭১৮ টাকা এবং স্থায়ী হওয়ার পর লাঞ্চ ভাতাসহ ৫০,৮৮২ টাকা।
সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা : ৭৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্যে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট পদে অন্তত ১ বছরের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে (কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে)। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন : প্রবেশনকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ী হওয়ার পর লাঞ্চ ভাতাসহ ৩৯,১৩০ টাকা।
মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)
পদসংখ্যা : ৩০০ জন (সবচেয়ে বেশি)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন : প্রবেশনকালে ২৫,৫৭২ টাকা এবং চাকরি স্থায়ী হলে লাঞ্চ ভাতাসহ ৩০,৭৬৮ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা সব পদের জন্যই প্রবেশনকাল ৬ মাস। কর্মসূচি ব্যবস্থাপক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে সহজ শর্তে মোটরসাইকেল কেনার ঋণ এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ দেওয়া হয়। অন্যদিকে শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তা পদের জন্য প্রবেশনকালে সহজ শর্তে একক আবাসনের সুবিধা রয়েছে।
চাকরি স্থায়ী হলে বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতাসহ দূরত্ব, উৎসাহ, হাওড় ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন। এ ছাড়া সংস্থার নীতি অনুযায়ী মাঠকর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
পরীক্ষার ফি ও জামানত
শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে 'পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি করপোরেট শাখা'র হিসাব নম্বর ৪৪১৫৬০৩০০০০৭১-এ জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপককে ২৫ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তাদের ২০ হাজার টাকা। এছাড়া মাঠ কর্মকর্তা পদে ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪ হাজার টাকা নগদে পরিশোধ করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এফোর সাইজের কাগজে একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এর সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, আগের প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), দুই কপি রঙিন ছবি এবং এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির (যাঁদের মধ্যে অন্তত একজন শিক্ষক হবেন) নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। এছাড়া কর্মসূচি ব্যবস্থাপক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সও জমা দিতে হবে।
খামের ওপর পদের নাম, আবেদনকারীর মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং পরীক্ষার কাঙ্ক্ষিত কেন্দ্রের নাম পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা পদের পরীক্ষার কেন্দ্র হিসেবে নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রামের যেকোনো একটি বেছে নেওয়া যাবে।
আবেদনের পাঠানোর শেষ সময়
১৯ নভেম্বর ২০২৬।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। সরাসরি বা ডাকযোগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
সূত্র : পপির ফেসবুক পেজ ও অফিশিয়াল ওয়েবসাইট

চাকরি চাই ডেস্ক