লিংকডইনে কি চাকরির সুযোগ খুঁজছেন? সহজে রিক্রুটারের নজর কাড়ার পাঁচ দারুণ উপায়!
বর্তমান চাকুরির বাজার এতটাই প্রতিযোগিতামূলক যে কেবল একটি ভালো জীবনবৃত্তান্ত দিয়ে সেরা চাকরিগুলো পাওয়া সম্ভব নয়। এর জন্য চাকরিপ্রার্থীদের ভিড়ের মধ্যে আলাদাভাবে নিজের পরিচিতি তুলে ধরতে হয়, আর লিংকডইন হলো ঠিক সেই কাজটি করার উপযুক্ত প্ল্যাটফর্ম।
এটি বিশ্বের বৃহত্তম পেশাদার নেটওয়ার্ক, যা আপনাকে সম্ভাব্য নিয়োগকারী, রিক্রুটার এবং শিল্প বিশেষজ্ঞদের সাথে যুক্ত করতে পারে। প্ল্যাটফর্মটি কার্যকরভাবে ব্যবহার করে সেরা চাকরিগুলো পাওয়ার জন্য এখানে ৫টি প্রধান টিপস দেওয়া হলো:
১. একটি আকর্ষণীয় প্রোফাইল সবার নজর কাড়ে
আপনার প্রোফাইলটি আপনার ডিজিটাল শোরুমের মতো, তাই এটি যেন সবার মাঝে আলাদাভাবে নজর কাড়ে তা নিশ্চিত করুন। এজন্য আপনার কাঙ্ক্ষিত চাকরির সাথে সম্পর্কিত কিওয়ার্ড ব্যবহার করুন, আপনার দক্ষতা ও মূল্য তুলে ধরে একটি চমৎকার হেডলাইন তৈরি করুন এবং আপনার অর্জন ও ক্যারিয়ারের লক্ষ্যগুলো ফুটিয়ে তুলে একটি বিস্তারিত সামারি বা সারাংশ লিখুন। একটি পেশাদার হেডশট এবং প্রাসঙ্গিক প্রজেক্টের ছবিযুক্ত হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল যুক্ত করুন। আপনার দক্ষতা ও এন্ডোর্সমেন্টগুলোর তালিকা দিতে ভুলবেন না এবং সহকর্মী ও পূর্ববর্তী নিয়োগকারীদের কাছ থেকে সুপারিশ (রেকমেন্ডেশন) চেয়ে নিন।
২. সঠিক নেটওয়ার্কিং অনেক দূর এগিয়ে নিতে পারে
লিংকডইন কেবল চাকরি খোঁজার একটি প্ল্যাটফর্ম নয়। আপনার নেটওয়ার্কের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্যও এটি ব্যবহার করা যায়। আপনার শিল্পের সাথে সম্পর্কিত গ্রুপগুলোতে যোগ দিন এবং আলোচনায় অংশ নিন। মূল্যবান কন্টেন্ট যেমন- আর্টিকেল, ইন্ডাস্ট্রির প্রতিবেদন এবং আপনার অর্জিত অন্তর্দৃষ্টি বা জ্ঞান শেয়ার করুন। আপনি যে কোম্পানিগুলোতে কাজ করতে চান এবং সেখানকার সিদ্ধান্ত গ্রহণকারীদের ফলো করুন। যাদের সাথে আপনার সরাসরি পরিচয় নেই, এমন আকর্ষণীয় ব্যক্তিদের সাথেও কানেক্ট করুন। মনে রাখবেন, নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন না কার কাছে আপনার স্বপ্নের চাকরির ভেতরের খবরটি থাকতে পারে।
৩. কন্টেন্ট তৈরি করাও সাহায্য করতে পারে
আপনার দক্ষতা শেয়ার করা হলো নিজেকে একজন চিন্তাবিদ বা থট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করার একটি শক্তিশালী উপায়। লিংকডইন পালসে আর্টিকেল লিখে প্রকাশ করুন, পোলে ও প্রশ্নোত্তর পর্বে অংশ নিন বা আপনার নিজস্ব ভিডিও সিরিজ শুরু করুন। আপনার জ্ঞান ও আবেগ তুলে ধরার মাধ্যমে আপনি সম্ভাব্য নিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং সিভির বাইরেও আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।
৪. নিজের সুবিধার্থে অ্যাডভান্সড সার্চ ব্যবহার করুন
চাকরিপ্রার্থীদের জন্য লিংকডইনের অ্যাডভান্সড সার্চ বা উন্নত অনুসন্ধান ফিচারটি অত্যন্ত সহায়ক হতে পারে। অনুসন্ধান সংকুচিত করতে এবং লুকানো চাকরিগুলো খুঁজে পেতে কিওয়ার্ড এবং ফিল্টার ব্যবহার করুন। এমনকি আপনি নির্দিষ্ট কোম্পানিগুলো ট্র্যাক করতে পারেন এবং নতুন চাকরি পোস্ট হলে অ্যালার্ট পেতে পারেন। চাকরির বাজার সক্রিয়ভাবে মনিটর করা আপনার উদ্যোগী মনোভাব প্রকাশ করে এবং প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে রাখে।
৫. রিক্রুটাররা যেন আপনাকে সহজেই খুঁজে পান তা নিশ্চিত করুন
"Open to Work" ফিচারটি চালু করুন এবং আপনার আগ্রহের চাকরির ধরণগুলো নির্দিষ্ট করে দিন। এটি নিয়োগকারীদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে আপনি সক্রিয়ভাবে নতুন সুযোগ খুঁজছেন। রিক্রুটারদের সার্চ রেজাল্টে আপনার প্রোফাইল যেন সহজেই চলে আসে, সেজন্য আপনার প্রোফাইল এবং অভিজ্ঞতা বিভাগে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন।

ফিচার ডেস্ক