দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে কাবুল
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, তালিকার শীর্ষে অবস্থান করছে আফগানিস্তানের রাজধানী কাবুল।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিং অনুযায়ী, আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার একিউআই স্কোর ছিল ১৮৯।
একই সময়ে ২৯৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। ২৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর ২৬৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি তৃতীয় এবং ২৩৪ স্কোর নিয়ে ভারতের কলকাতা চতুর্থ অবস্থানে রয়েছে। এই তিনটি শহরের বাতাসের মানও ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রয়েছে।
তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে কাতারের দোহা। ১৮৪ একিউআই স্কোর নিয়ে দোহার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে ধরা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক