টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের রিমান্ডে
ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের দ্বিতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে পুনরায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আদালত প্রতিবেদক