চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে ইঞ্জিনচালিত ট্রলির (লটাহাম্বার) ধাক্কায় তাসফিয়া ফারিহা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো আজ শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল। কালা মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ ইঞ্জিনচালিত ট্রলি (লটাহাম্বার) ফারিহাকে বহনকারী সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়। একই সাথে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি।
এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি ইঞ্জিনচালিত ট্রলির (লটাহাম্বার) চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান বলেন, মাটিভর্তি ইঞ্জিনচালিত ট্রলির (লটাহাম্বার) ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ইঞ্জিনচালিত ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা