মুঠোফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যাত্রী। তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। এতে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থল থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেনটি কালিয়াকৈরের উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোনারুলের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ট্রেনে সংঘটিত ছিনতাই ও যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। আমরা তাদের সহযোগিতা করছি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)