ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬
রাজধানীতে নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৩৭ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৩৫ জন ও উত্তরা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১ হাজার ১৫৫ টাকা, আটটি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)