সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি ও বাড়িতে হামলা-হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক রিপন মিয়াকে মামলা দিয়ে হয়রানি ও তার বাড়িতে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে। রিপন মিয়া দৈনিক যায়যায়দিনের রূপগঞ্জ প্রতিনিধি।
সম্প্রতি গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সমরের কারাগারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক রিপন মিয়ার সঙ্গে জজ মিয়ার বিরোধ নতুন করে সামনে আসে। জানা যায়, সমরের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রায় সাড়ে তিন মাস আগে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠান। সেখানে কারাবন্দি অবস্থায় গত ৯ নভেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়।
রিপন মিয়ার অভিযোগ, সমরের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ এবং তার গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর থেকেই তাকে কেন্দ্র করে বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সমরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ তুলে ভিডিও প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
রিপন মিয়া আরও অভিযোগ করেন, সমরের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে তার পরিবারের সদস্যদের প্রভাবিত করছেন জজ মিয়া। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে জজ মিয়া নিজে উপস্থিত থেকে মনগড়া ভিডিও তৈরি ও প্রচার করছেন। এমনকি অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মামলা করানোর জন্য সমরের পরিবারকে প্ররোচিত করার অভিযোগও করেন তিনি। জজ মিয়ার উপস্থিতি ও নির্দেশনায় দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাকে হয়রানির চেষ্টা চলছে।
রিপন মিয়ার আরও অভিযোগ, তাকে ছাড়াও কয়েকজন সাংবাদিককে বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়িতে হামলা এবং ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত জজ মিয়া বলেন, রিপন আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করছে। এভাবে বাড়াবাড়ি করে সে কতক্ষণ টিকতে পারবে, তা সময়ই বলে দেবে। আমি চাইলে তার বিরুদ্ধে সাংবাদিকদের দিয়ে প্রতিবেদন প্রকাশ করাতে পারি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জজ মিয়া বলেন, আমাদের বাবা-দাদার আমল থেকেই আমরা সম্পত্তির মালিক। জমি বিক্রি করেই গাড়ি ও বাড়ি করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলম হোসেন বলেন, কারাগারে কোনো বন্দির মৃত্যু হলে সে বিষয়ে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ও আইনগত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। কাউকে অপরাধে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া অপরাধ নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করা হলে ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে পারেন।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, পুলিশ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)