খালে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
নিখোঁজের এক দিন পর মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার পর নিখোঁজ হন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পাশে তার জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার সন্দেহ করেন তারা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি শুরু করেন। শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ বলেন, নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। পরে ওই স্থান থেকে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচে তার মরদেহ পাওয়া যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ