Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৬:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৬:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
‘রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হবে : প্রতিমন্ত্রী
১০ মাসের ট্রায়াল শেষে স্থায়ীভাবে পূর্ণ উৎপাদনে যাবে প্রথম ইউনিট
জাতীয় গ্রিডে মার্চে পূর্ণাঙ্গ সরবরাহের লক্ষ্য
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ, কেক কেটে আনন্দ-উল্লাস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বহুমাত্রিক ব্যবস্থা

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৬:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৬:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ইউরেনিয়াম জ্বালানির পারমাণবিক বিভাজন থেকে উৎপন্ন তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি, অত্যাধুনিক রিঅ্যাক্টর পরিচালনা, একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত জনবল এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে এগোচ্ছে দেশের বৃহত্তম একক এই উন্নয়ন প্রকল্প।

প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর এখন পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা বাড়ানো, যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই এবং নিরাপত্তা ও পরিচালনব্যবস্থার পরীক্ষা চলছে। তবে এই সংযোগকে এখনই বাণিজ্যিক উৎপাদন বলা যাচ্ছে না। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারিত রয়েছে।

যে প্রযুক্তিতে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার তৈরি ভিভিইআর-১২০০ (ভিভিইআর-১২৯৯) প্রযুক্তির দুটি প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর বা চাপযুক্ত পানির পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে। প্রতিটি ইউনিটের স্থাপিত উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে দুই হাজার ৪০০ মেগাওয়াট।

বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু হয় রিঅ্যাক্টরের ভেতরে। সেখানে বিশেষভাবে সাজানো ফুয়েল অ্যাসেম্বলিতে ইউরেনিয়াম জ্বালানি থাকে। ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন আঘাত করলে তা বিভক্ত হয়ে প্রচুর তাপশক্তি ও নতুন নিউট্রন তৈরি করে। নতুন নিউট্রন আবার অন্য পরমাণুতে আঘাত করে ধারাবাহিক বিভাজন ঘটায়, যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন। এই শৃঙ্খল বিক্রিয়া যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য রিঅ্যাক্টরের কন্ট্রোল রডের মাধ্যমে নিউট্রন শোষণ করে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করা হয়।

পারমাণবিক বিভাজনে উৎপন্ন তাপ প্রথমে রিঅ্যাক্টরের প্রাথমিক শীতলীকরণ চক্রের পানিকে উত্তপ্ত করে। উচ্চচাপের কারণে ৩০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও এই পানি তরল থাকে। পরে গরম পানি স্টিম জেনারেটরে পৌঁছালে তাপ বিনিময়ের মাধ্যমে দ্বিতীয় চক্রের পানি বাষ্পে পরিণত হয়। এখানে প্রাথমিক ও দ্বিতীয় চক্রের পানি সরাসরি মিশে যায় না।

উচ্চচাপের বাষ্প টারবাইনের ব্লেড ঘোরায়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর ঘুরে তড়িৎচুম্বকীয় আবেশের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। এরপর উৎপাদিত বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক ও সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাতীয় সঞ্চালনব্যবস্থায় সরবরাহ করা হয়। টারবাইন ঘোরানোর পর বাষ্প কনডেনসারে ঠান্ডা হয়ে আবার পানিতে পরিণত হয়। পাম্পের সাহায্যে সেই পানি পুনরায় স্টিম জেনারেটরে পাঠানো হয়। অর্থাৎ একই পানি পুনর্ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পাশাপাশি রিঅ্যাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি ঠান্ডা রাখতে রয়েছে পৃথক শীতলীকরণ ব্যবস্থা।

পরীক্ষামূলক গ্রিড সংযোগ ও ধারাবাহিক যাচাই

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই ঐতিহাসিক পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় আট থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এরপর প্রায় ২৮ ঘণ্টা গ্রিড থেকে বিচ্ছিন্ন রেখে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সময় রিঅ্যাক্টরের চাপ ও তাপমাত্রা, টারবাইন-জেনারেটরের কার্যক্ষমতা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুতের সামঞ্জস্য পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষার প্রয়োজনে উৎপাদন কমানো, বাড়ানো কিংবা সাময়িকভাবে বন্ধ রাখাও হতে পারে। তাই পরীক্ষামূলক পর্যায়ে গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা নেই। সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। এরপর ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে। প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট হলেও কেন্দ্রের নিজস্ব পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদ্যুতের একটি অংশ ব্যবহৃত হবে। ফলে জাতীয় গ্রিডে নিট সরবরাহের পরিমাণ কিছুটা কম হবে। প্রকল্পসংশ্লিষ্ট পূর্ববর্তী পরিকল্পনায় প্রথম ইউনিট থেকে প্রায় এক হাজার ৩০ মেগাওয়াট নিট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের কথা বলা হয়েছে।

বহুমাত্রিক ও নিরাপদ সুরক্ষাব্যবস্থা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা। রূপপুরে সম্ভাব্য দুর্ঘটনা, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া কিংবা যন্ত্রপাতির অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে রয়েছে কন্ট্রোল রড, জরুরি কোর শীতলীকরণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থা, তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ সরঞ্জাম এবং শক্তিশালী কন্টেইনমেন্ট কাঠামো। কন্টেইনমেন্ট হলো রিঅ্যাক্টরের চারপাশে নির্মিত বিশেষ সুরক্ষিত আবরণ, যা দুর্ঘটনার ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থের বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধে সহায়তা করে।

এ ছাড়া রয়েছে প্যাসিভ সেফটি সিস্টেম। বিশেষ জরুরি পরিস্থিতিতে বাইরের বিদ্যুৎ সরবরাহ বা সক্রিয় যন্ত্রপাতির ওপর নির্ভরতা ছাড়াই নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখতে এটি সহায়তা করে। রিঅ্যাক্টরের জ্বালানি গলে যাওয়ার মতো গুরুতর পরিস্থিতিতে গলিত জ্বালানি ধরে রাখার জন্য রয়েছে কোর ক্যাচার। প্রথম ইউনিটে ২২টি সাব-সিস্টেম নিয়ে স্বয়ংক্রিয় প্রসেস কন্ট্রোল ও রেডিয়েশন মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে হাজারো সেন্সরের সাহায্যে তাপমাত্রা, চাপ, পানির প্রবাহ, যন্ত্রপাতির অবস্থা এবং তেজস্ক্রিয়তার মাত্রা পর্যবেক্ষণ করা যায়। প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ভালভ ও পাম্প পরিচালনায় ভূমিকা রাখে।

নিরাপত্তা শুধু বিদ্যুৎকেন্দ্রের ভেতরেই সীমাবদ্ধ নয়। জরুরি পরিস্থিতিতে কর্মী ও সাধারণ মানুষের সুরক্ষায় কেন্দ্রের ভেতরে তিনটি জরুরি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে সর্বোচ্চ ২ হাজার ৪০০ কর্মীর আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। চলতি বছরের ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ১০ সদস্যের বিশেষজ্ঞ দল বাংলাদেশে জরুরি প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা পর্যালোচনায় কাজ করেছে। এ পর্যালোচনায় বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি স্বাস্থ্য, প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পেয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী, চিকিৎসা দল, নিয়ন্ত্রক সংস্থা এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বিত ভূমিকা প্রয়োজন। নিয়মিত তেজস্ক্রিয়তা ও পরিবেশ পর্যবেক্ষণ, জরুরি যোগাযোগ, কর্মীদের প্রশিক্ষণ এবং জনগণকে দ্রুত সতর্ক করার ব্যবস্থাও পারমাণবিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।

দেশি-বিদেশি কর্মী ও দক্ষ জনবল তৈরি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেশি-বিদেশি বিপুলসংখ্যক প্রকৌশলী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ ও শ্রমিক কাজ করেছেন এবং করছেন। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ শওকত আকবরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পে প্রায় ২০ হাজার বাংলাদেশি শ্রমিক ও কারিগরি কর্মী সরাসরি সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে, চলতি বছরের ১৪ জুলাই জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন।

মন্ত্রী আরও জানান, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন। রাশিয়া ও রূপপুরের প্রশিক্ষণকেন্দ্রে এসব প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে নির্মাণকাজের শ্রমিক এবং ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল এক বিষয় নয়। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে। এনপিসিবিএলের পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘমেয়াদে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রায় দুই হাজার ৭০০ জনবল প্রয়োজন হতে পারে। এর মধ্যে প্রায় দুই হাজার ৫৩৫ জন প্ল্যান্ট এলাকায় কাজ করবেন।

প্রশিক্ষণের জন্য রূপপুরেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে ফুল-স্কেল সিমুলেটর রয়েছে। বাস্তব রিঅ্যাক্টরের নিয়ন্ত্রণকক্ষের মতো পরিবেশে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন স্বাভাবিক ও জরুরি পরিস্থিতিতে কীভাবে সিদ্ধান্ত নিতে হবে, তা অনুশীলন করতে পারেন। বাংলাদেশি প্রশিক্ষক তৈরির পাশাপাশি রাশিয়ান বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজের মাধ্যমে ধীরে ধীরে দেশীয় জনবলের হাতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে।

প্রাতিষ্ঠানিক কাঠামো ও প্রকল্প ব্যয়

রূপপুর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পক্ষে প্রধান ভূমিকা পালন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি)। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পের সাধারণ ঠিকাদার হিসেবে কাজ করছে। অন্যদিকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। আর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরাপত্তা, লাইসেন্স ও অনুমোদনের বিষয়গুলো তদারক করবে। অর্থাৎ নির্মাণকারী, মালিকপক্ষ, পরিচালনাকারী এবং নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব আলাদা। পরীক্ষামূলক পরিচালনা থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সময় এসব প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বৃহত্তম একক উন্নয়ন প্রকল্প। রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় দুটি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি প্রথমে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও সময়সীমা দুই দফা বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বিনিময় হারের ওঠানামার কারণে প্রকল্পের আনুমানিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। আগের হিসাবের তুলনায় এই বৃদ্ধি প্রায় ২৬ হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী, সময়সীমা বাড়ানোর কারণে ঠিকাদারি চুক্তির ব্যয় বাড়ানোর সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও প্রত্যাশা

রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া নিঃসন্দেহে বড় অর্জন। তবে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ হওয়া আর দীর্ঘমেয়াদে নিরাপদ, দক্ষ ও অর্থনৈতিকভাবে পরিচালনা করা এক বিষয় নয়। দেশীয় দক্ষ জনবল তৈরি, নিয়মিত যন্ত্রাংশ ও খুচরা যন্ত্রপাতির সরবরাহ, রক্ষণাবেক্ষণ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের সমন্বয় এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি নিজস্ব জনবল, নিয়ন্ত্রণব্যবস্থা ও জরুরি সাড়া দেওয়ার অবকাঠামোকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করা। কারণ রূপপুরের সাফল্য শুধু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দিয়ে নয়, বরং কতটা নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষতার সঙ্গে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে, তার ওপর নির্ভর করবে। প্রথম ইউনিটের পরীক্ষামূলক গ্রিড সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায় শুরু হলেও পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের জন্য এখনো বাকি রয়েছে ধারাবাহিক পরীক্ষা, নিয়ন্ত্রক অনুমোদন এবং ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড পাবনা নিরাপত্তা

সংশ্লিষ্ট সংবাদ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১ ঘন্টা আগে
‘রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল’
৪ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ উৎপাদনের অপেক্ষায় বাংলাদেশ
১০ ঘন্টা আগে
১০ মাসের ট্রায়াল শেষে স্থায়ীভাবে পূর্ণ উৎপাদনে যাবে প্রথম ইউনিট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
  2. দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
  3. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  5. রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী: রিজভী
  6. কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x