জাতীয় গ্রিডে মার্চে পূর্ণাঙ্গ সরবরাহের লক্ষ্য
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর আবারও কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কয়েক ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহ ও পর্যবেক্ষণ শেষে নিয়মিত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এখন থেকে নির্ধারিত বিরতিতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের প্রথম ইউনিটকে কয়েক দিন পরপর জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। প্রতিবার আগের তুলনায় বেশি সময় ধরে এবং বাড়তি পরিমাণে বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের মার্চের দিকে নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমবারের এই গ্রিড সংযোগ মূলত বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় সঞ্চালন ব্যবস্থার মধ্যে সমন্বয় ও স্থিতিশীলতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার বিভিন্ন পর্যায়ে উৎপাদনব্যবস্থার কার্যকারিতা, বিদ্যুতের গুণগত মান এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
প্রাথমিক পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে পুনরায় গ্রিডে সংযোগ দেওয়া হবে। প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সময় এবং পরিমাণ বাড়ানো হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিএইআরএ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছিলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন নয়। এটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের কারিগরি পরীক্ষা।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহারিক যাত্রা শুরু হলো। এখন ধারাবাহিক পরীক্ষা ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ উৎপাদনের দিকে এগোচ্ছে রূপপুর প্রকল্প।

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)