৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার নতুন করে হাসপাতাল তৈরি করা হবে। যার ফলে আমাদের দেশে যারা প্রান্তিক মানুষ, তারা যেন স্বাস্থ্যসেবা উপজেলা থেকেই পান। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও জোরদার করব। লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি, আমরা সারা বাংলাদেশ একই চিত্র দেখতে পাচ্ছি। জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে। যেখানে যন্ত্রপাতি আছে কিন্তু চালানোর মানুষ নেই। অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে কিন্তু কোনো ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে তা ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালি দরকার।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ