সমতল ভূমিতে মাল্টা চাষে সফল রাবি শিক্ষার্থী ফাহিম
পাহাড়ি ফল হিসেবে পরিচিত মাল্টা এখন চাষ হচ্ছে সমতল ভূমিতেও। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকায় তিন একর জমিতে প্রায় এক হাজার মাল্টা গাছের বাগান গড়ে তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। চার বছর আগে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করে এবার পেয়েছেন ভালো ফলন। শিক্ষার্থী হয়েও কৃষি উদ্যোক্তা হিসেবে তার এই সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে।
ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার স্বপ্ন থেকে চার বছর আগে মাল্টা চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার তিন একর জমির বাগানে রয়েছে সিলেট থেকে সংগ্রহ করা বারি-১ জাতের প্রায় এক হাজার মাল্টা গাছ। প্রতিটি গাছেই থোকায় থোকায় মাল্টা ধরেছে। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর এবার বাগানে এসেছে আশানুরূপ ফলন।
বাগানের মাল্টার স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এই বাগান দেখতে প্রতিদিনই আসছেন নানা বয়সী মানুষ। পাশাপাশি বাগানটিকে ঘিরে স্থানীয় কয়েকজনের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।
ফাহিমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় দর্শনার্থী ও ক্রেতারা। তাদের মতে, সমতল ভূমিতে মাল্টা চাষের এমন উদ্যোগ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয়ভাবে উৎপাদিত তাজা ফল কেনার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতারাও উপকৃত হচ্ছেন।
ফরহাদুজ্জামান ফাহিম বলেন, চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার স্বপ্ন থেকে মাল্টা চাষ শুরু করেন। তার লক্ষ্য, বেকার তরুণদের কৃষিকাজে আগ্রহী করে তোলা এবং মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ফল পৌঁছে দেওয়া। চলতি মৌসুমে তার বাগান থেকে কয়েক লাখ টাকার মাল্টা বিক্রি হয়েছে।
ফাহিম বলেন, শিক্ষার্থী অবস্থায় নিজের উদ্যোগে কিছু করার চিন্তা থেকেই মাল্টা চাষ শুরু করি। শুরুতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে ধীরে ধীরে বাগানটি সফলতার মুখ দেখছে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় করতে চাই।
এদিকে ফাহিমের মাল্টা বাগান নিয়মিত পরিদর্শন করছে উপজেলা কৃষি বিভাগ। গাছের পরিচর্যা, রোগবালাই দমন ও ফলন বাড়ানোর বিষয়ে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। চাষাবাদে কোনো সমস্যায় পড়লে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ফাহিমের মাল্টা বাগানটি কৃষি বিভাগের নজরদারিতে রয়েছে। তাকে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টা চাষে কোনো সমস্যা দেখা দিলে কৃষি বিভাগকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী