বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ শ্রমিকদের
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল (গাজীপুর-চন্দ্রা) মহাসড়কে অবস্থান নেন। এর ফলে ওই মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, কালিয়াকৈর উপজেলার গাজীপুর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে পৌঁছালেও কাজে যোগ দেননি। কর্তৃপক্ষের পক্ষ থেকে কারখানা ছুটি ঘোষণা করার পর শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ও ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর